ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানকে দেখে নেওয়ার হুমকি দিলেন

বুধবার ইসরাইলের এই প্রধানমন্ত্রী বলেন, সমস্ত মধ্য প্রাচ্যে যখন আগুন জ্বলছে তখন তারা (ইরান) শান্ত্বভাবে তেহরানে বসে থাকতে পারে না।
তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনেট সেনাবাহিনীর উত্তর কমান্ডে ভ্রমণকালে তেহরানকে লক্ষ্য করে এই হুমকি দেন। এ সময় তার সঙ্গে ইসরাইলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমরা ইরানের বিরুদ্ধে বিশ্বকে সমবেত করার চেষ্টা করছি। একই সঙ্গে আমরা এককভাবেও কাজ করতে জানি। এ সময় তিনি বলেন, ইরান জানে আমাদের নিরাপত্তার হুমকি হলে তার জন্য কী মূল্য দিতে হয়।
এর আগে গত বৃহস্পতিবার আরব উপসাগরের ওমান উপকূলে ইসরাইলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলা হয়। এতে জাহাজটির দুইজন ক্রু নিহত হন। তাদের একজন ব্রিটিশ নাগরিক ও অন্যজন রোমানিয়ার।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ধারণা করছে, ইরান অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই হামলা করেছে।
গত শুক্রবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জাহাজে আক্রমণের জন্য ইরানকে দোষারোপ করেন। তবে যুক্তরাষ্ট্র হামলার জন্য ইরানকে তদন্তের আগে দায়ী করতে রাজি না।
ইরান হামলার দায় অস্বীকার করেছে।
রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন— ইসরাইল এ অঞ্চলে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা ছড়াচ্ছে। তারাই এখন ইরানের বিরুদ্ধে মিথ্যাচার করতে উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, জাহাজে হামলায় ইরানকে জড়িয়ে মিথ্যাচার করছে ইসরাইল। এ হামলায় কোনোভাবেই ইরান জড়িত নয়।