১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করেন। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ স্কুল পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচিত করা হয়েছে। জানা যায়, স্কুলটিতে ছাত্র-ছাত্রীদের ভাল লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম বয়েজ স্কাউট, গার্লস গাইড, সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত পরিচালিত হয়ে আসছে।

এছাড়া প্রতিষ্ঠানটির উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার গৌরব রয়েছে। কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার বলেন, এই বিদ্যালয়টি ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার অন্যতম বিদ্যালয় হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমাদের সবটুকু দিয়ে আজীবন চেষ্টা করে যাবো। আমাদের বিদ্যালয়কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করায় দক্ষ নির্বাচক মন্ডলীসহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলার প্রাথমিক প্রতিষ্ঠান প্রধানগণ, স্কুলের প্রতিষ্ঠাতা ও এসএমসি সভাপতি রিক্তা পারভীন সহ অন্যান্য সদস্য ও আমার সহযোদ্ধাদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।