১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে প্রভাষক সংকট

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ। বর্তমানে কলেজটি প্রভাষক সংকট। কলেজে শূন্য রয়েছে শিক্ষকের ১৩ টি পদ। রয়েছে হোস্টেল , প্রভাষকদের আবাসন নাই। এসব সংকটে ব্যাহত হচ্ছে কলেজটির শিক্ষা কার্যক্রম। সরেজমিনে সোমবার কলেজ সূত্রে জানা যায়, ১৯৭০ সালে ৫ একর জায়গার ওপর একঝাক তরুন যুবক সমিতির উদ্যোগে স্থাপিত হয় এই কলেজটি। শুরু থেকেই এলাকায় উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে এ প্রতিষ্ঠান। ২০১১ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। এক সময় কলেজটিতে তিন সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়ন করত। বর্তমানে কলেজটিতে এইচ ,এস,সি এবং ডিগ্রী মিলে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী আছে। কলেজটি প্রতিষ্ঠার পর অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও উচ্চ মাধ্যমিক ও স্নাতক ছাড়া কলেজটিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু করা সম্ভব হয়নি। এ কলেজে অনুমোদিত ৩১ শিক্ষকের স্থলে বর্তমানে কর্মরত ১৮ জন। ইংরেজী , গনিত ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দর্শন, পদার্থ বিদ্যা, ব্যবস্থাপনা, মার্কেটিং, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান-২ এবং হিসাববিজ্ঞানে প্রভাষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য।

শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম। তবে কলেজে একটি নতুন একাডেমিক ভবন নির্মিত হয়েছে। পাঠদানের জন্য ভবনের চাহিদা পূরণ হলেও কলেজের ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে অকেজো এবং অরক্ষিত। এর কোনো দিকেই কোনো সীমানা প্রাচীর নেই। কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বলেন, ‘কলেজে শিক্ষক সংকট প্রকট। কিছু বিষয়ে প্রক্সি স্যার আছেন। কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম।’ ওই কলেজের ইন্টারমিডিয়েটের সাবেক ছাত্ররা বলেন, ‘আমি হোস্টেলে থাকতাম। কিন্তু রেলের কাজের জন্য হোস্টেলের পরিবেশ ভালো না। হোস্টেলে থাকার মতো পরিবেশ না থাকায় ছাত্ররা থাকতে চায় না। এ ছাড়া কলেজে শিক্ষক কম।’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা শারমিন বলেন, শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। আমি নতুন এসেছি। আমার কলেজে শিক্ষার মান উন্নয়নরে জন্য প্রভাষক অতি জরুরী। আমি চেষ্টা করছি কলেজের সম্মান পুনরুদ্ধারের। এ ছাড়া বাংলা বিভাগের প্রভাষক হাফিজুর রহমান সহ অন্যান্য প্রভাষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নরে যথেষ্ঠ চেষ্টা করে যাচ্ছে।