ছোন্দাহ খাল পূনঃখনন করায় স্বস্তিতে কৃষকরা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ও নওপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী পরিত্যক্ত ছোন্দাহ খালটি পুনঃ খনন করায় দুই ইউনিয়নের প্রায় দশ গ্রামের কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বর্তমান চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ও মোঃ জাহিদুল হাসান(টিপু)’র আমলে। জানা যায় বিগত ৫০/৬০ বছর যাবত খালটি পরিত্যক্ত থাকায় খালের দুই পাশের বিশাল মাঠের কৃষকরা বর্ষা মৌসুমে বিশেষ করে পাট, মরিচ, হলুদ, আখ, সবজিসহ নানা মৌসুমী ফসল নিয়ে চরম ভোগান্তিতে পড়ত। পাটের সময় পাট পচানো নিয়ে খুবই সমস্যায় পড়ত তারা। অতিবৃষ্টির কারণে মরিচসহ সবজির ক্ষেত নষ্ট হয়ে যেত, খালটি পুনঃখনন করায় এসব সমস্যার সমাধান হয়েছে। এলাকার মানুষ মনে করেন খালটি এখন কৃষকদের জন্য আশির্বাদে পরিনত হয়েছে, সরোজমিনে গিয়ে এমনটি লক্ষ্য করা যায়। পাট ধোয়ার সময় কৃষক লিটন বলেন- বর্তমানে আমরা অনেক সহজেই পাট পচাতে পারছি, এতে পাটের রং ভাল হচ্ছে, চাকুরীজীবি রিপন বলেন- খাল পুনঃখননের সময় আমাদের উপর নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এমনকি আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দেওয়া হয়। এসময় বাগাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম খালের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সাংবাদিকদের কাছে একাধিক কৃষক বলেন খালটি পুনঃ খনন হওয়ায় শত শত হেক্টর জমির ফসল ভাল হবে এত এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। প্রকাশ থাকে যে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় খালটি ২০২০-২১ অর্থ বছরে ১২ লক্ষ ১৬ হাজার ১৯৯ টাকা ৭০ পয়সা ব্যয়ে সেলসিটি জেনারেল ট্রেডিং প্রতিষ্ঠান কাজটি সমাপ্ত করেন।