জমি নিয়ে বিরোধ, ক্ষেতের ফসল নষ্ট করল প্রতিপক্ষ

মধুখালী প্রতিনিধিঃ
জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরকসুন্দি গ্রামের তছির উদ্দিন শেখের ছেলে মুরাদ হোসেনের ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। প্রায় ১৩ শতাংশ জমির মটর ক্ষেতে পাওয়ার টিলার চালিয়ে ফসল নষ্ট করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। উপজেলার কামারখালী ইউনিয়নের জারজরনগর গ্রামের মাঠে ঘটনাটি ঘটেছে। ভূক্তভোগী পরিবার তছির উদ্দিন শেখের ছেলে মুরাদ হোসেন বলেন জারজরনগর গ্রামের কালীপদ বালার নিকট দলিল মূলে কিনা আমাদের ৩২শতাংশ জমির মধ্যে দয়ারামপুর গ্রামের নওশের আলী পাওয়ার টিলার দিয়ে প্রায় ১৩ শতাংশ জমির মটর ক্ষেত রাতের আধারে সম্পূর্ণ নষ্ট করে চলে যায়। যার ফসলের ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০,০০০ হাজার টাকা বলে দাবি ভুক্তভোগীদের।
এ বিষয়ে কামারখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য আলমগীর হোসেন বলেন মুরাদ হোসেন ও নওশের আলী এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে ‘দুপক্ষকে সমঝোতার কথা বলেছি।’ এর পরেও প্রতিপক্ষ নওশের আলী চরকসুন্দি গ্রামের তছির উদ্দিন শেখের ছেলে মুরাদ হোসেন এর বিরোধীয় প্রায় ১৩ শতাংশ জমির মটর ক্ষেত চাষ করে রাতের আধারে নষ্ট করে দিয়েছে বলে জানা যায়। এ বিষয়ে প্রতিপক্ষ নওশের আলী বলেন আমি আমার জমিতে বোনা মটর ক্ষেত আমি নষ্ট করে গম বুনেছি। এ ঘটনায় ফসল নষ্টের বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারটি ফরিদপুর বিজ্ঞ আদালতে একটি মামলা করবেন বলে জানা যায়।