পদত্যাগ করলেন ন্যাশনাল ব্যাংকের এমডি

আবারও আলোচনায় ন্যাশনাল ব্যাংক। সিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকা বেসরকারি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আবদুল বারী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে ব্যাংকে গিয়ে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।
ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ রইস উদ্দিনকে। তিনি ন্যাশনাল ব্যাংকের ডিএমডি পদে দায়িত্ব পালন করছিলেন। তবে ব্যাংকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শাহ সৈয়দ আবদুল বারীর নাম রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদারের সঙ্গে বিরোধের জের ধরে আবদুল বারী এমডি পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে ব্যাংকটির একাধিক এমডি পদত্যাগ করেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য চেষ্টা করেও আবদুল বারীকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি। ব্যাংকটির অন্য কর্মকর্তারাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।