মেসির ৫ রেকর্ড

মেসি মাঠে নামবেন কিন্তু রেকর্ড করবেন না এ যেন হতেই পারে না। কখনো ক্লাবের, আবার কখনো বা আর্জেন্টিনা দলের হয়ে রেকর্ড ভাঙা গড়ার মধ্যেই থাকেন মেসি। তারই ধারাবাহিকতায় চলতি বছর ৫টি অনন্য রেকর্ড গড়েছে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। এক নজরে দেখে নেয়া যাক কি সেসব রেকর্ড:
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড
আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি চলতি বছর নিজের করে নিয়েছেন মেসি। এর আগের রেকর্ডটি ছিল জাভিয়ের মাসচেরানোর। কোপা আমেরিকার গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে মাসচেরানোর ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। মেসি এরপর খেলেছেন আরো ১০ ম্যাচ। বর্তমানে তার খেলা ম্যাচ সংখ্যা ১৫৮।
প্রথম খেলোয়াড় হিসেবে সাত ব্যালন ডি’অর
একজন ফুটবলারের জন্য এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অর। এবার এই পুরষ্কার বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি পাবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ভোটাভুটির বর্ষসেরা এই পুরস্কারটি উঠে মেসির হাতেই।
এর ফলে মেসির ঝুলিতে এখন ৭টি ব্যালন ডি’অর। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগের রেকর্ডটাও অবশ্য ছিল তারই। ২০১৯ সালে প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ছয়টি ব্যালন ডি’অর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে এখন পর্যন্ত জমা পড়েছে পাঁচটি ব্যালন ডি’অর।
প্রথম খেলোয়াড় হিসেবে তিন দশকে ব্যালন ডি’অর জয়
২০২১ সালের ব্যালন ডি’অর জিতে আরেকটি অনন্য রেকর্ডের খাতায় ঢুকে পড়েছেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে তিন দশকে ব্যালন ডি’অর জয় করা হলো তার।
২০০৯ সালে ২২ বছর বয়সে নিজের প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জেতেন মেসি। এরপর টানা তিন বছর ২০১০, ২০১১, ২০১২ সালে ব্যালন ডি’অর জেতেন তিনি। ২০১৫ ও ২০১৯ সালের ব্যালন ডি’অর দুটিও নিজের করে নেন লিও। সর্বশেষ জেতেন ২০২১ সালে। এরই ফলে গড়া হয়ে গেছে অনন্য রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন তিনটি দশকে ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েছেন মেসি।
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড
চলতি বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এই রেকর্ড নিজের করে নেন তিনি। বর্তমানে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোল সংখ্যা ৮০টি।
এক লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড
ব্রাজিলের কালো মানিক খ্যাত পেলের আরো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। গত বছরও এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৪৬৯ গোলের রেকর্ডটা ছিল এই কিংবদন্তির দখলে। তবে চলতি বছরের শুরুর দিকে বার্সেলোনার জার্সি গায়ে ৪৭৪ গোল করে সে রেকর্ডটা নিজের করে নেন মেসি।