মধুখালীতে পুলিশের সাঁড়াশী অভিযানে মাদক ও চোরচক্রের সদস্য গ্রেফতার-৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযানে ইমদাদুল মল্লিক (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এস.আই নিঃ তন্ময় মন্ডলের নেতৃত্বে মধুখালী বাজার নিউ মার্কেটের বিপরীত পাশের মুদি দোকান থেকে আসামী ইমদাদুল মল্লিক’কে ১০০ গ্রাম গাঁজা ও ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ আটক করা হয়। এসময় মাদক ক্রয়রত অবস্থায় আরো দুইজন মাদকসেবী’কে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, আসামী ইমদাদুল মল্লিকের বিরুদ্ধে পূর্বের ৬ টি মাদক মামলা রয়েছে, তিনি পূর্বেও মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন এবং জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন। অপর এক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় পুষ্প রাণী রায় (৫৫) নামে এক মাদক সম্রাজ্ঞী’কে দুই মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান। ০৪-০৩-২০২৬ ইং, বুধবার ভ্রাম্যমান আদালতের মামলা নং ১৪ এর আসামী পুষ্প রাণী রায়’কে ০৫-০৩-২০২৬ ইং, বৃহস্পতিবার ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে মধুখালী থানাধীন গোন্দারদিয়া ডাঃ আঃ কাদের মেমোরিয়াল হাসপাতালের দক্ষিণ পাশের খেলার মাঠ থেকে বাদী মোঃ সুলতান (৩৬) এর একটি ছাগল চুরি হয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে নওপাড়া ছাগলের হাটে গিয়ে দরদাম করা অবস্থায় ছাগলটি উদ্ধার করা হয়। এসময় বাদী মোঃ সুলতান মধুখালী থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে চোর ইয়াসিন হাওলাদার (২৬), মোঃ সবুজ (২২) ও মোঃ ফয়সাল (১৯) কে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। বৃহস্পতিবার আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, “অত্র থানার আইনশৃংখলা ঠিক রাখতে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। মাদক, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা হবে”।