শিক্ষার ঘাটতি পূরনে প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ দেওয়া হোক

মধুখালী প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের নেতৃত্বে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে হিসাবরক্ষণ ও পরিচালনাসহ নানা দাপ্তরিক কাজ নিয়েই প্রধান শিক্ষককে বেশি ব্যস্ত থাকতে হয়। প্রধান শিক্ষককে বিদ্যালয়ের বিভিন্ন কাজে শিক্ষা অফিসে প্রায়ই দৌড়াদৌড়ি করতে হয়। সরকারের নানা ধরনের দিকনির্দেশনামূলক কর্মকান্ডেও প্রধান শিক্ষককে সম্পৃক্ত থাকতে হয়। তাই পাঠদান কার্যক্রমে তারা খুব একটা সম্পৃক্ত হতে পারেন না।
এতে সহকারী শিক্ষকদের ওপর ক্লাসের অতিরিক্ত চাপ পড়ে। ফলে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। বর্তমানে প্রাথমিক শিক্ষায় উন্নয়নমূলক নানা কর্মযজ্ঞ চলছে। প্রাথমিক বিদ্যালয়কে তাই পাঠদানের পাশাপাশি অনেক কাজ করতে হয়। ফলে প্রধান শিক্ষকদের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে গেছে। তা ছাড়া এসব কাজ করতে গিয়ে তাঁদের অনেক সময় নানা ধরনের জটিলতায় পড়তে হচ্ছে। তাই প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন দক্ষ ও যোগ্য অফিস সহকারী কাম কম্পিউটার নিয়োগ দেওয়া হলে দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও শিক্ষকদের পাঠদানে গতিশীলতা আসবে। পাশাপাশি প্রধান শিক্ষকরা পাঠদানে বেশি মনোযোগ দিতে পারবেন। আশা করি, শিক্ষার ঘাটতি পূরন হয়ে সু-শিক্ষায় জাতি গঠনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সব প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দক্ষ কম্পিউটার অফিস সহকারী কাম হিসাবরক্ষক নিয়োগ দেবেন।