মধুখালীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার রাস্তার পাশে থেকে জিহাদ হোসেন নামে (১৫) এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যান চালক জিহাদ মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে বলে জানা যায়। বুধবার (০৪ জানুয়ারি) ১১ টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া ব্রীজ সংলগ্ন একটি রাস্তার পাশে থেকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জিহাদ মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।

বুধবার (০৪ জানুয়ারি) মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে মধুখালী থানার পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত ওই মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই কিশোরের ভ্যান ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃতে্যুর সঠিক কারণ জানা যাবে।